
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রশাসনের আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান হট্টগোলের মধ্যে পণ্ড হয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের দুই পক্ষের বিরোধের জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠান শুরু হয়।
প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বক্তব্য পর্বে উপস্থাপক উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জুবায়ের হোসেনের নাম ঘোষণা করলে আপত্তি তোলেন সাবেক শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনুসহ কয়েকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারপ্রাপ্ত ইউএনও তৌফিক আজিজ দ্রুত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা জুবায়ের হোসেন অভিযোগ করে বলেন, উপস্থাপকের আহ্বানে বক্তব্য দিতে মঞ্চে উঠতেই তাকে বাধা দেওয়া হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু দাবি করেন, পূর্বনির্ধারিত সিদ্ধান্তের বাইরে তার নাম ঘোষণা করায় আপত্তি জানানো হয়েছে। তিনি বলেন, এতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়নি।
এদিকে অনুষ্ঠান পণ্ড হওয়ায় উপস্থিত মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ বলেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।
