
নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনার দিঘলিয়া উপজেলার স্টিমারঘাট সংলগ্ন এলাকায় মোবাইল ব্যাংকিং এজেন্টের কাছ থেকে টাকা লুটের চেষ্টা করতে গিয়ে নিজেদের গুলিতে এক ছিনতাইকারি নিহত হয়েছেন। এ সময় ওই ব্যবসায়ীও আহত হন। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ছিনতাইকারির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় জড়িত অন্য সদস্যরা পালিয়ে গেছে।
ছিনতাইকারিদের হামলার শিকার তাহিদুল ইসলাম দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের বাসিন্দা ও একজন ফ্লেক্সিলোড ব্যবসায়ী। তিনি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ওঁত পেতে থাকা ছিনতাইকারি দলের তিন সদস্য পেছন থেকে তাকে জাপটে ধরে। প্রথমে তিনি তাদের পরিচিত কেউ ভেবেছিলেন, তবে পরে বুঝতে পারেন তারা তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।
এক পর্যায়ে ধস্তাধস্তির সময় ছিনতাইকারিরা অস্ত্র বের করে। তখন তাহিদুল ইসলাম ডাকাত দলের এক সদস্যকে শক্তভাবে ধরে রাখেন। এ সময় অন্য সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ার চেষ্টা করলে ভুলবশত নিজেদেরই এক সহযোগী গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
