
শাহিনুর সুজন স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলার পুঠিমারী গ্রামে ডলার মাহমুদের বাড়ি থেকে বিপুল সংখ্যক বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাড়ির রান্নাঘরের চুলার পাশের একটি ইট সরানোর পর হঠাৎ কয়েকটি সাপ বেরিয়ে এলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে স্থানীয়রা মাটি খুঁড়ে ওই গর্ত থেকে একে একে আরও সাপ বের করে আনেন। এভাবে মোট প্রায় ৭৫ থেকে ৮০টি বিষধর সাপ উদ্ধার করা হয়।
বাড়ির মালিক ডলার মাহমুদ বলেন, আমরা কখনো কল্পনাও করিনি রান্নাঘরের চুলার পাশে এতগুলো বিষধর সাপ থাকতে পারে। সকালে ইট সরানোর পর সাপ বের হতে দেখে আমরা ভয়ে হতবাক হয়ে যাই। পরে স্থানীয়দের সহযোগিতায় মাটি খুঁড়ে সবগুলো সাপ বের করা হয়। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, রান্নাঘরের মতো জায়গায় এত সংখ্যক বিষধর সাপের উপস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর এবং উদ্বেগজনক।