
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়া-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম জিন্নাহ-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি ছিলেন।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর রমনা থানা এলাকা থেকে বগুড়ার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জিন্নাহ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকার বাসিন্দা।
তিনি শিবগঞ্জ থানার একটি মামলার (নং-১৫, তারিখ: ৭ অক্টোবর ২০২৪) এজাহারভুক্ত আসামি। মামলাটি দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫/৬ ধারায় দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
বগুড়ার জেলা গোয়েন্দা শাখার ওসি ইকবাল বাহার বলেন, গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।