
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ডিরেক্ট রিলিফের অনুদানে প্রায় ২৮ কোটি টাকা মূল্যের ঔষুধ পেয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটির দেওয়া এসব ব্যয়বহুল ওষুধ জটিল রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে সরবরাহ করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদের উদ্যোগে ওষুধের চালানটি হাসপাতালে পৌঁছে।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, এদিন হাসপাতালে বায়োলজিক ড্রাগ ‘অ্যাডালিমুমাব’-এর ৬৯৬টি সিরিঞ্জ এসেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ কোটি টাকা।
তিনি বলেন, ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া অ্যাংকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস ও ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ভর্তি রোগীদের এই ওষুধ বিনামূল্যে দেওয়া হবে। রোগীর অবস্থা ও প্রয়োজন বিবেচনায় ঔষুধ প্রয়োগের বিষয়টি তদারকি করবেন অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদ। হাসপাতাল সূত্রে জানা যায়, ডিরেক্ট রিলিফ বিশ্বের বিভিন্ন দেশে জরুরি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তা প্রদানকারী একটি আন্তর্জাতিক মানবিক সংস্থা। তারা নগদ অর্থের পরিবর্তে প্রয়োজনীয় ঔষুধ ও চিকিৎসা সামগ্রী সরাসরি সরবরাহের মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে থাকে।
এর আগে চলতি বছরের মার্চ মাসে অধ্যাপক ডা. আজিজুল হক আজাদের উদ্যোগে ডিরেক্ট রিলিফ থেকে প্রায় ১০০ কোটি টাকা মূল্যের ঔষুধ রামেক হাসপাতালে আসে। এছাড়া ২০২৫ সালের নভেম্বরে প্রায় ৩৬ কোটি টাকার ওষুধ এবং একই বছরের আগস্টে হৃদরোগীদের চিকিৎসার জন্য প্রায় ১৭ কোটি টাকা মূল্যের অ্যাল্টেপ্লেস ঔষুধ আনা হয়। এসব ঔষুধও রোগীদের বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদ বলেন, বিদেশ থেকে ওষুধ আমদানির ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ ও ঔষধ প্রশাসন অধিদপ্তর সার্বিক সহযোগিতা করে আসছে। তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বিনামূল্যে এসব ঔষুধ পাওয়ার ফলে অসংখ্য রোগী উন্নত ও ব্যয়বহুল চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”