
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিভাগের পাঁচটি জেলায় শিশুদের জন্য তিন সপ্তাহব্যাপী বিশেষ হামের টিকাদান কর্মসূচি রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে। সংক্রমণপ্রবণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
সকাল ৯টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা কমিউনিটি ক্লিনিকে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, তিন সপ্তাহব্যাপী এ বিশেষ কর্মসূচির আওতায় মোট ৫৬ হাজার ৬০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথম দিনে ২৭টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং প্রায় ৫ হাজার ৬০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে।
টিকাদান কেন্দ্রগুলোর পরিবেশ সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সুশৃঙ্খলভাবে কার্যক্রম চলছে। অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে তাদের শিশুদের নিয়ে কেন্দ্রে আসছেন। টিকাদান নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে এবং এখন পর্যন্ত কারও মধ্যে অনীহা দেখা যায়নি।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম জানান, ৫ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই টিকার আওতায় আনা হবে। প্রথম দিনে গোদাগাড়ী উপজেলায় ৫ হাজার ৬৫০ জন এবং পৌরসভায় ৬২৮ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, যেসব শিশু অন্তত ২৮ দিন আগে টিকা নিয়েছে, তাদেরও পুনরায় এই কর্মসূচির আওতায় আনা হবে। পর্যায়ক্রমে জেলার প্রায় ৪০ হাজার শিশুকে টিকাদানের আওতায় আনা হবে।
আগামী তিন সপ্তাহ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এই কার্যক্রম চলবে।
