
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় মুখোশধারী মিছিলের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি নওশাদ আলী (৫৫)। তিনি পবা উপজেলার আলাইবিদিরপুর গ্রামের বাসিন্দা এবং মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে আলাইবিদিরপুর এলাকায় অবস্থিত রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ৩৫ থেকে ৪০ জন ব্যক্তি মুখে মাস্ক পরে মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
পুলিশের দাবি, মিছিলের কারণে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একই দিন পবা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নওশাদ আলীর নিজ বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনারের নির্দেশনা এবং পবা থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।