
নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের গুরুদাসপুরের আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌরসভার চাঁচকৈড় বাজারের রসুন হাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার।
সংঘর্ষে আহত পুলিশের এএসআই আজিজুল হক আজিজকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে কোন পক্ষের কতজন আহত হয়েছেন তার সঠিক সংখ্যা জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক পৌরসভা বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় এএসআই আজিজ গুরুতর আহত হন।
গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ হস্তক্ষেপ করলে এএসআই আজিজ আহত হন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
