
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা (JERA) মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১২ জন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (১৩ মে) দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে দগ্ধদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি।
দগ্ধদের নাম নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শংকর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আলআমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০) বলে জানা গেছে। তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের সহকর্মীরা জানান, মেঘনা ঘাটে অবস্থিত জেরা (JERA) মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে তাদের নিজস্ব ক্যান্টিনের বুফেতে খাবার খাচ্ছিলেন। তখন ভেতরে একটি বিস্ফোরণ হয়। এতে ক্যান্টিনে থাকা অন্তত ১২ জনের হাত-মুখ ও পা পুড়ে যায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে আমির, শংকর, কাউছার ও আলআমিন ক্যান্টিন বয়। বাকিরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা। দুপুরে রান্নার পর অসাবধানতা বসত গ্যাসের চুলা চালু ছিল। তখন কেউ একজন আগুন ধরাতেই এই ঘটনা ঘটে থাকতে পারে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে হাসপাতালে ১২ জন রোগী এসেছেন। কার কত শতাংশ পুড়ে গেছে তা দেখা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
