
নিজস্ব প্রতিবেদক, পাবনা:

পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজারে একটি গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুদ রাখা প্রায় দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেন উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৪ মার্চ) সকালে পরিচালিত অভিযানে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।
ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ করছে- এমন তথ্যের ভিত্তিতে চিনাখড়া বাজারে অভিযান চালানো হয়। অভিযানের সময় খান এন্টারপ্রাইজের দোকান বন্ধ থাকায় সংশ্লিষ্ট মালিকের বাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির এক পর্যায়ে বাড়ির গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ পেট্রোল ও অকটেন উদ্ধার করা হয়। এসব জ্বালানি তেল খান এন্টারপ্রাইজের মালিক সন্টু ইসলামের বলে জানা গেছে।
পরে জব্দ করা তেল সরকার নির্ধারিত দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। একই সঙ্গে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার দায়ে সন্টু ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, একই অভিযানে আতাইকুলা ও চিনাখড়াসহ চারটি বাজারে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
