
নিজস্ব প্রতিবেদক, পাবনা:

পাবনার ঈশ্বরদীতে পূর্ববিরোধের জেরে ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ (২৬)কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাঁড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
নিহত সোহাগ পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সদস্য ছিলেন। এছাড়া প্রস্তাবিত কমিটির সদস্য সচিব হিসেবেও তার নাম আলোচনায় ছিল বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সোহাগ তার কয়েকজন বন্ধুকে নিয়ে সাঁড়া গোপালপুর রেললাইনের পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের একটি দল সেখানে এসে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে সোহাগকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, ঘটনার সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা গেছে।
গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার মাথার একটি অংশ গুরুতরভাবে ক্ষতবিক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।