
জয়, চীফ রিপোর্টার, রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে (২) দুই জন মাদকসেবী ও অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়া হয়েছে। আজ পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শিবু দাস এর উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের ধরতে তল্লাশি চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২ জন মাদকসেবী ও অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আটকৃতদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শিবু দাস বলেন,যুবসমাজ ও সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়,মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর অবস্থানে থাকবে উপজেলা প্রশাসন। কাউকে ছাড় দেয়া হবে না।স্থানীয়রা এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, মাদকের কারণে এলাকার যুবসমাজ বিপথে যাচ্ছে। নিয়মিত এ ধরনের অভিযান হলে পরিস্থিতির উন্নতি হবে। উল্লেখ্য, মাদক ও জুয়ার বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে দেশজুড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।