
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন গোরহাঙ্গা রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কড়া নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গোরহাঙ্গা মোড় থেকে শালবাগান পর্যন্ত ‘এ’ পার্ট এবং গোরহাঙ্গা থেকে নিউমার্কেট পর্যন্ত ‘বি’ পার্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। এ সময় শালবাগান কাঁচাবাজার নির্মাণ কাজও ঘুরে দেখেন।
পরিদর্শনকালে সড়কের ওপর পড়ে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় যন্ত্রপাতি ও নির্মাণসামগ্রী আগামী সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন প্রশাসক। একই সঙ্গে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত রাস্তা উন্মুক্ত করার তাগিদ দেন তিনি।
তিনি বলেন, সড়কের ওপর নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে নগরবাসী চরম দুর্ভোগে পড়ছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব সরিয়ে নেওয়া না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাহফুজুর রহমান রিটন আরও জানান, নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ৩০ ও ৯০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ৩০ দিনের কর্মসূচির আওতায় নগরীর ৩০টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে রেলগেট থেকে নওহাটা পর্যন্ত সড়কে বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও সবুজ নগর গড়ে তুলতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন।
এ সময় ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন রাসিক প্রশাসক।
পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
