
নিজস্ব প্রতিবেদক:
প্রতারণা ও প্রভাব বিস্তারের অভিযোগে রাজশাহী মহানগরীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে এক যুবককে আটক করেছে সিটিটিসি ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এর যৌথ দল।
আটক ব্যক্তি নওগাঁ জেলার মান্দা থানার ভরট্ট শিবনগর গ্রামের মো. মোজ্জামেল হকের ছেলে মো. শাহিনুর ইসলাম।
পুলিশ জানায়, গত ৬ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি ও ডিবির একটি দল জানতে পারে, রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার বক্ষব্যাধি (আইডি) হাসপাতালের সামনে পুকুরপাড়ে এক ব্যক্তি নিজেকে ডিজিএফআইয়ের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর (এডি) পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ ও প্রভাব বিস্তার করছেন।
পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা দাবি করে একটি পরিচয়পত্র প্রদর্শন করেন। তবে বক্তব্যে অসঙ্গতি ধরা পড়লে একপর্যায়ে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেন। এরপরই তাকে আটক করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি করে মানিব্যাগ থেকে দুটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। যার একটিতে ‘অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ডিজিএফআই’ এবং অন্যটিতে ‘অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, ডিজিএফআই’ লেখা ছিল। এছাড়াও তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, শাহিনুর ইসলাম দীর্ঘদিন ধরে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে গোপনে ভিডিও ধারণ করে প্রতারণা করতেন।
তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে বিভিন্ন নারীর অশালীন ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। আসামি এসব ঘটনার কথা স্বীকার করেছেন বলেও জানা গেছে।
এ ঘটনায় রাজপাড়া থানায় পর্নোগ্রাফি আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ রাজশাহীর আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
