
নারীদের রান্নার কষ্ট লাঘবে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের পাশাপাশি এবার ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শায় ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। দুপুরে শার্শার উলশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। খালটি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত হিসেবে পরিচিত।a
প্রধানমন্ত্রী বলেন, দেশের সাধারণ ও নারী প্রধান পরিবারগুলোর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাশাপাশি সরকার এখন এলপিজি কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে।তিনি বলেন, “মা-বোনদের সবচেয়ে বড় কষ্টের একটি হলো রান্না। আমরা চাই এলপিজি কার্ডের মাধ্যমে তাদের ঘরে গ্যাস পৌঁছে দিতে, যাতে রান্নার কষ্ট কমে যায়।”
নারীদের উচ্চশিক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের শিক্ষা আরও বিস্তৃত করতে সরকার নতুন পরিকল্পনা নিয়েছে।তিনি জানান, ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি যারা ভালো ফল করবে, তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও থাকবে, যাতে তারা আরও উচ্চশিক্ষা অর্জন করতে পারে।
নারী ক্ষমতায়নের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছে।তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব গ্রামের মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষের প্রতি সম্মান জানিয়ে সরকার ইতোমধ্যে মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য সরকারি সম্মানীর ব্যবস্থা বাস্তবায়ন শুরু করেছে।
