
যুক্তরাষ্ট্রের উপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ শীতকালীন তুষারঝড় দেশটির বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। রেকর্ড পরিমাণ তুষারপাতে রাস্তা, ঘরবাড়ি চাপা পড়েছে, ফলে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে এবং ৮ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ দুর্যোগে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু নিউ ইয়র্কে পাঁচজন।

জারিকৃত আবহাওয়া-সংক্রান্ত জরুরি অবস্থার মধ্যে রয়েছে অন্তত ২৫টি অঙ্গরাজ্য। শীতের তীব্রতা উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণে টেক্সাস এবং নর্থ ক্যারোলাইনা পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যেখানে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে এবং তাপমাত্রা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে। তুষারঝড়ে মোট ১১ কোটি ৮০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে।

নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর ক্যাথি হোকুল পরিস্থিতি সামলানোর জন্য শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। গত রবিবার যুক্তরাষ্ট্রজুড়ে ১১ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয় এবং সোমবার এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যায়। এছাড়া, স্থানীয় সময় অনুযায়ী সোমবার ভোর চারটা পর্যন্ত বিদ্যুৎ-বিচ্ছিন্ন ছিলেন টেক্সাস থেকে ভার্জিনিয়া পর্যন্ত ৮ লাখ ২০ হাজার গ্রাহক।
