
নিজস্ব প্রতিবেদক:
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকেল ৫টায় নগরীর আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গণকপাড়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগরীর নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহাঙ্গীর বলেন, “গণভোটের রায়কে উপেক্ষা করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। ইতিহাস বলে, জনগণের সঙ্গে প্রতারণা করে কেউই দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় টিকে থাকতে পারেনি। জনগণের রায়কে অবহেলা করলে জনগণই তার জবাব দেবে।”
তিনি আরও বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে। পাশাপাশি চলমান জ্বালানি সংকট নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, বাণিজ্য ও কল্যাণ সম্পাদক অধ্যাপক একে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, তারবিয়াত সম্পাদক হাফেজ নুরুজ্জামান এবং যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।