
চীফ রিপোর্টার,জয়নাল আবেদিন জয়:

রাজশাহীর পুঠিয়া উপজেলা বানেশ্বর বাজার কলাহাটায় বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার ৫ বছর বয়সী শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর একটার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে কলাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজশাহী জেলা চারঘাট উপজেলার মৌগাছি গ্রামের বাসিন্দা দেলোয়ার হাজীর ছেলে কাউসার হোসেন (৩৫) এবং তার শিশু সন্তান রেজওয়ান আলী (৫)।
পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-৮৩৬৩) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয় এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হন।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় নিহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে পুঠিয়া উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) জনাব লিয়াকত সালমান বলেন,আপনারা জানেন যে, গত একসপ্তাহ ধরে বেপরোয়া গতিতে ড্রাম ট্রাক গুলো চলাচল করায় আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে রাস্তায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। তারপরও আজকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে,এই দুর্ঘটনার কারণে স্থানীয় জনগণ ড্রাম ট্রাক চালকের উপর ক্ষিপ্ত হয়ে ড্রাম ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে জ্বলন্ত ড্রাম ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে,এখন রাস্তার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে হৃদয়বিদারক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ঢাকা-রাজশাহী মহাসড়কে দীর্ঘদিন ধরেই ড্রাম ট্রাকের বেপরোয়া গতীতে চলাচল অব্যাহত রয়েছে, যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা অবিলম্বে এই মহাসড়কে ড্রাম ট্রাকের নিয়ন্ত্রণ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
