
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেছেন, একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের সকল মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে সরকার গুরুত্ব দিচ্ছে। সেই ধারাবাহিকতায় রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করা হবে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহী মহানগরীর মুহম্মদপুর টিকাপাড়া জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ মসজিদের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
এ সময় রাসিক প্রশাসক মুহম্মদপুর টিকাপাড়া জামে মসজিদের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎকালে মসজিদ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু, সাধারণ সম্পাদক শামসুদ্দিন হায়দার, সহ-সভাপতি রিয়াজ আহমেদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন।