
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে অব্যাহত রয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম। প্রতি শুক্রবার রোগীদের কাছ থেকে কোনো ধরনের ভিজিট বা চিকিৎসা ফি নেওয়া হচ্ছে না। ফলে দূর-দূরান্ত থেকে আসা অসংখ্য রোগী বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
এমপি ডা. আব্দুল বারীর তত্ত্বাবধানে পরিচালিত ভবানীগঞ্জ ক্লিনিকে নিয়মিত এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের ও অসহায় মানুষের জন্য এই উদ্যোগ ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। প্রতি শুক্রবার রোগীরা স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং ব্যবস্থাপত্র গ্রহণ করছেন সম্পূর্ণ বিনামূল্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে অঙ্গীকার করা হয়েছিল, তারই ধারাবাহিকতায় ভিজিট ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রম চালু রাখা হয়েছে। অর্থাভাবে চিকিৎসা নিতে না পারা বহু মানুষ এই উদ্যোগের মাধ্যমে উপকৃত হচ্ছেন।
সংশ্লিষ্টরা জানান, জনসেবামূলক এ কর্মসূচির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং চিকিৎসা গ্রহণকে আরও সহজলভ্য করা। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে এমপি ডা. আব্দুল বারী বলেন, “মানুষের সেবা করাই আমার অঙ্গীকার। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি শুক্রবার বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। সাধারণ মানুষের পাশে থেকে যতদিন সম্ভব এ কার্যক্রম চালিয়ে যেতে চাই।”
এদিকে প্রতি শুক্রবার বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগে রোগীদের মধ্যে সন্তোষ ও স্বস্তি লক্ষ্য করা গেছে। স্থানীয়দের মতে, জনকল্যাণমূলক এমন উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং প্রশংসার দাবিদার।