
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। সে হিসাবে ঈদের আগে সোমবার ছিল শেষ কর্মদিবস।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির সময়সূচি নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
নির্ধারিত সূচি অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি ছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির সঙ্গে অতিরিক্ত হিসেবে ১৮ মার্চও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। আর ১৭ মার্চ শবে কদরের ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পেয়েছেন।
ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ১৮ মার্চ ছুটি ঘোষণার দাবি বিভিন্ন মহল থেকে ওঠে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়। পরে গত ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।
টানা ছুটির সুযোগে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্যাপন করতে অনেকেই সোমবার অফিস শেষে ঢাকা ছাড়তে শুরু করেছেন। ফলে রাজধানীর বাস টার্মিনাল, রেলস্টেশন ও মহাসড়কগুলোতে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
