
আশিকুর রহমান, রাজশাহী:
গ্রাহক হয়রানি কমানো এবং জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধে রাজশাহীতে চালু হলো ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপভিত্তিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা।
রবিবার (১২ এপ্রিল) সকাল ৯টায় নগরীর কুমারপাড়া এলাকায় গুলগোফুর ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, পেট্রোল পাম্পে গ্রাহকদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমানো এবং অবৈধভাবে তেল মজুত রোধ করতেই এই অ্যাপ চালু করা হয়েছে। তিনি জানান, কোনো গ্রাহক একবার তেল নেওয়ার পর পরবর্তী পাঁচ দিন পূর্ণ হওয়ার আগে পুনরায় তেল নিতে পারবেন না। নির্ধারিত সময়ের আগে তেল নিতে এলে অ্যাপের মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যাবে।
তিনি আরও বলেন, এই ব্যবস্থা কার্যকর হলে তেল সরবরাহে শৃঙ্খলা ফিরবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে। এ সময় তিনি সবাইকে নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানান।
নতুন এই ব্যবস্থায় রেশনিং পদ্ধতিতে মোটরসাইকেল চালকরা প্রতি পাঁচ দিনে একবার সর্বোচ্চ ৫০০ টাকার এবং মাইক্রোবাস বা কারচালকরা ২ হাজার টাকার পেট্রোল বা ডিজেল কিনতে পারবেন। গ্রাহক হয়রানি কমানো ও অবৈধ মজুত প্রতিরোধে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভোক্তারা।
এছাড়া কৃষকদের জন্য নির্ধারিত কার্ডের মাধ্যমে কৃষিকাজে ব্যবহৃত ডিজেল সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। অ্যাপটির মাধ্যমে ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি সরবরাহ করবেন। এ সেবা নিতে গ্রাহকদের আলাদা কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন অন্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।