
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের রাজশাহী বিভাগীয় মহাসমাবেশে বিএনপি ও বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার বিকেলে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, দুর্নীতি, বিচার বিভাগ, নদী সমস্যা ও মানবাধিকার ইস্যুতে বিভিন্ন মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি এখন জাতীয়তাবাদী রাজনৈতিক দলের পরিবর্তে “চাঁদাবাজির দলে” পরিণত হয়েছে। তার দাবি, দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও কোনো চাঁদাবাজের বিচার হয়নি। তিনি বলেন, “যে পথে স্বৈরাচার হেঁটেছে, বিএনপিও এখন সেই একই পথে হাঁটছে।” সরকারের সমালোচনা করে জামায়াত আমীর বলেন, সংসদের বয়স আড়াই মাসও হয়নি, অথচ সরকার দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে সরকার উল্টো পথে হাঁটছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া ৪২ জেলায় প্রশাসক নিয়োগ দিয়ে অনির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন।
বিচার বিভাগ ও সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং নিজেদের স্বার্থে বিচার বিভাগকে নিয়ন্ত্রণে রাখতে চাইছে। গুম কমিশন নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, জনগণ এসব কর্মকাণ্ড মেনে নেবে না। নদী ও পানি সংকট নিয়ে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ফারাক্কা বাঁধ পরীক্ষামূলকভাবে চালুর ৫৫ বছর পেরিয়ে গেলেও এর প্রভাব এখনো বিদ্যমান। তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানান। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, নদীতে পানি না থাকলে খাল খনন কর্মসূচির সুফল পাওয়া সম্ভব নয়।
সংসদের কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, বেকারত্ব, অর্থনীতি, ব্যাংক-বীমা ও ব্যবসা-বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও সংসদে পুরোনো ইতিহাস নিয়ে রাজনৈতিক বিতর্ক বেশি হচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতিকে বিভক্ত করার জন্য ইতিহাস ব্যবহার করা উচিত নয়।
বিশ্ববিদ্যালয়গুলোর নতুন উপাচার্য নিয়োগ নিয়েও সমালোচনা করেন জামায়াত আমীর। তিনি অভিযোগ করেন, দেশে স্বৈরাচারী ধারা আবারও ফিরে আসছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে চাঁদাবাজির সংস্কৃতি বিস্তার লাভ করেছে। এ পরিস্থিতি মোকাবিলায় ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেন ডা. শফিকুর রহমান। সমাবেশে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমেদ, জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান, এনসিপির সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন