
নিজস্ব প্রতিবেদক, মান্দা:
নওগাঁর মান্দা উপজেলায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক করেছে স্থানীয় বাসিন্দারা। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালিকাপুর স্কুল মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মান্দা উপজেলা থেকে বাগমারা উপজেলায় পাচারের উদ্দেশ্যে দুটি ভটভটি যানবাহনে করে সারগুলো নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী কালিকাপুর স্কুল মোড়ে যানবাহন দুটি আটক করেন। পরিস্থিতি বেগতিক দেখে চালকেরা ভটভটি ফেলে পালিয়ে যান।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারগুলো জব্দ করে। জব্দকৃত সারের মধ্যে ২০ বস্তা টিএসপি এবং ২৫ বস্তা ডিএপি ছিল।
পরবর্তীতে মালিকের সন্ধান না পাওয়ায় প্রশাসন নির্ধারিত সরকারি মূল্যে স্থানীয় কৃষকদের কাছে সারগুলো বিক্রি করে দেয়। টিএসপি প্রতি বস্তা ১ হাজার ৩৫০ টাকা এবং ডিএপি প্রতি বস্তা ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহসহ স্থানীয় কৃষকেরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ জানান, মালিক শনাক্ত না হওয়ায় সরকারি বিধি অনুসরণ করে সারগুলো কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে।
