
নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর নবাগত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় মহানগরীর আইনশৃঙ্খলা উন্নয়ন, জনবান্ধব পুলিশিং ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
শনিবার সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীতে মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি পুলিশি সেবাকে আরও কার্যকর, সেবামূলক ও জনবান্ধব করতে আরএমপির সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, পুলিশ কমিশনারের কার্যালয়সহ মেট্রোপলিটন পুলিশের প্রতিটি ইউনিটে সেবা নিতে এসে কোনো ব্যক্তি যেন আর্থিক বা অন্য কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। আইজিপির নির্দেশনা অনুযায়ী প্রতিটি থানাকে “জিরো কমপ্লেইন” থানা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও কাজ করা হবে বলে জানান তিনি।
পুলিশ কমিশনার আরও বলেন, মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও পুলিশ ক্লিয়ারেন্স গ্রহণের ক্ষেত্রে নাগরিকদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
রাজশাহী মহানগরীকে নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি। সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সভায় তিনি আরএমপির সব স্তরের পুলিশ সদস্যদের স্বাধীনভাবে, পেশাদারিত্বের সঙ্গে এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। আগামী দুই মাসের মধ্যে জনসেবা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম এবং আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ গাজিউর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।