
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় মাদক সেবনে বাধা ও শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদ করায় এক স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক সহকারী শিক্ষক গুরুতর আহত হয়েছেন।বুধবার (২০ মে) বিকেল ৩টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব মোড়ে এ ঘটনা ঘটে। আহত আব্দুর রাজ্জাক বালুবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সোনাপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।
অভিযুক্ত বজলুর রহমান চককেশব গ্রামের সফিজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে চককেশব মোড়ে পৌঁছালে আগে থেকেই ওঁত পেতে থাকা বজলুর রহমান দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শিক্ষক আব্দুর রাজ্জাকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত শিক্ষক আব্দুর রাজ্জাক জানান, বজলুর রহমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাদকাসক্ত অবস্থায় এলাকায় ও শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই অশোভন আচরণ করতেন। এসব কর্মকাণ্ডে বাধা দেওয়ায় অভিযুক্ত তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল বলে দাবি করেন তিনি।তিনি আরও বলেন, “মাদক সেবন ও শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণের প্রতিবাদ করায় আমার ওপর এ হামলা চালানো হয়েছে।”এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।