
নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে দিন দিন বেড়েই চলেছে সন্ত্রাস, ডাকাতি, চুরি, সংঘর্ষ ও হত্যাচেষ্টার ঘটনা। একের পর এক সহিংসতায় আতঙ্কিত হয়ে পড়েছেন চরবাসী। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। এ অবস্থায় দ্রুত স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিতে স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এর কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি চরাঞ্চলে গরু লুট, ছিনতাই, বাজারে চুরি ও বাড়িতে ডাকাতির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এক রাতেই দুই বাজারের অন্তত আটটি দোকানে চুরি এবং চারটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এছাড়া কাশবন দখলকে কেন্দ্র করে কুষ্টিয়ার একটি সন্ত্রাসী বাহিনীর হামলায় ১০ জন গুলিবিদ্ধ ও তিনজন নিহত হওয়ার ঘটনাও এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।
এছাড়া বালু উত্তোলন ও ফসল কাটাকে কেন্দ্র করেও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে বালুমহল নিয়ে বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়া থেকে ট্রলারযোগে এসে দুর্বৃত্তরা চকরাজাপুর হাট সংলগ্ন এলাকায় দুইজনকে গুলি করে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
চরাঞ্চলের বাসিন্দাদের অভিযোগ, রাত নামলেই আতঙ্কে থাকতে হয়। প্রতিনিয়ত সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তারা দ্রুত স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের মাধ্যমে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, চরাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নৌ-পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। পাশাপাশি সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।এদিকে স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন বলে জানা গেছে। তিনি চরাঞ্চলবাসীকে আশ্বাস দিয়েছেন, ঈদের পর সেখানে পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
তবে ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও, বাস্তবে ক্যাম্প স্থাপন হবে কি না তা নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন অনেকে।
চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদার ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুকলেছুর রহমান মুকুল জানান, এ বিষয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে আলোচনা হয়েছে। চরাঞ্চলের মানুষ পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য এক বিঘা জমি দান করতেও আগ্রহ প্রকাশ করেছেন। তাদের আশা, ঈদের পরই পুলিশ ক্যাম্প স্থাপনের কার্যক্রম শুরু হবে।