
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা উপজেলায় র্যাব-৫ এর অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ দুই কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
র্যাব-৫ জানায়, সোমবার (২৯ জুন) বিকেল ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসির একটি আভিযানিক দল পবা থানার মদনহাটি এলাকায় আমান কোল্ড স্টোরেজের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের আরোহী মো. মেহেদী হাসান লিটন (৩৫) ও মো. খোরশেদ আলম (৪০)-কে আটক করা হয়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন। পরে একজনের প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি নীল রঙের জিপার ব্যাগ থেকে ১০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
র্যাব আরও দাবি করে, গ্রেপ্তার দুজন এলাকায় চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব-৫।