
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীর চর এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব-৫। তবে অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন মাদক কারবারিরা হেরোইন ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-৫ সূত্রে জানা যায়, রোববার (২৯ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসির একটি আভিযানিক দল গোদাগাড়ী মডেল থানার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের পিরোজপুর গ্রামের প্রায় দুই কিলোমিটার দূরে পদ্মা নদীর চর এলাকায় অভিযান পরিচালনা করে।
র্যাবের তথ্যমতে, সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন এনে বিক্রির উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি সেখানে অবস্থান করছিলেন। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা একটি বস্তা ফেলে পাশের পাটক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে যান।
পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে পরিত্যক্ত বস্তাটি তল্লাশি করে ছয়টি স্বচ্ছ পলিপ্যাকে রাখা মোট ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইন জব্দ করা হয়েছে।
র্যাব-৫ জানিয়েছে, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় উদ্ধার হওয়া হেরোইন জব্দপূর্বক গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।