
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর চারঘাটে ১৪ পিস ইয়াবাসহ এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
গ্রেপ্তার হওয়া মিনারুল ইসলাম (৫০) উপজেলার ৬ নম্বর ভায়ালক্ষীপুর ইউনিয়নের চকলক্ষীপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে। তিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাকিব সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চকলক্ষীপুর এলাকায় মিনারুল ইসলামের নিজ দোকানে অভিযান চালান। এ সময় দোকানে তল্লাশি চালিয়ে একটি চকলেটের জারের ভেতর থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে চারঘাট মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে ৬ নম্বর ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,বিএনপির পদে থেকে মাদকের সঙ্গে জড়িত থাকা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। আমাদের এই আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি এলাকায় ফিরলে বিষয়টি নিয়ে আলোচনা করে মিনারুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিনারুল ইসলামের দোকান থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
একজন ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতার মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় চারঘাটের রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।