
জুলাই গণঅভ্যুত্থানে হামলার মামলায় গ্রেপ্তার; মাদক ব্যবসা ও অবৈধ সম্পদের অভিযোগে চলছে অনুসন্ধান
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী সাগরপাড়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ২টার দিকে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও গোদাগাড়ী থানা-পুলিশের যৌথ অভিযানে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সোমবার (২০ জুলাই) সকালে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আবুল কালাম আজাদ আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে প্রকাশ্যে চলাফেরার পাশাপাশি আবারও মাদক ব্যবসা পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। সরকারের চলমান মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ার পর তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়।
গত ১৯ জুলাই একটি অনলাইন সংবাদমাধ্যমে তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ ও রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের নজরে আসে। পরে ডিআইজির বিশেষ নির্দেশনায় ডিবি ও থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, আবুল কালাম আজাদ দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে হেরোইন ব্যবসার সঙ্গে জড়িত। অতীতে বিভিন্ন সময়ে হেরোইনসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছেন তিনি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হলেও পরে জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া মাদক ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এসব সম্পদের উৎস খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুসন্ধান চালাচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার তদন্তপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”