
নিজস্ব প্রতিবেদক, বাগমারা:
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি বাজারে ডিস (কেবল টিভি) ব্যবসা নিয়ে বিরোধের জেরে হামলা, চাঁদা দাবি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে বাগমারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী উপজেলার চন্দ্রপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় যুবদল নেতা আসাদুল ইসলাম। মামলায় ছাত্রদল নেতা পারভেজ রানা, আমিন, মোশাররফ হোসেন মারুফ খামারু, আল সাদিক, বাদল মোল্লা, ফাইমা খাতুন, সুমন, শাহিন আলম, জয়নাল, ইকবাল ও প্রদীপের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই রাত প্রায় ১০টার দিকে গোয়ালকান্দি বাজারে নিজ ডিস ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে আসাদুল ইসলামের ওপর দেশীয় অস্ত্রে সজ্জিত একদল ব্যক্তি হামলা চালায়। এ সময় তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং ডিস ব্যবসা তাদের নামে লিখে দিতে চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় ধারালো অস্ত্র, লোহার রড, লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠানের কন্ট্রোল রুমে ভাঙচুর চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকার যন্ত্রপাতি নষ্ট করে। এছাড়া ডিস সংযোগের বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয় এবং ক্যাশ বাক্স থেকে ৬৫ হাজার ২৫০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, হামলার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দেয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গুরুতর আহত অবস্থায় আসাদুল ইসলামকে প্রথমে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি বাগমারা থানায় মামলা দায়ের করেন।
মামলার বাদী আসাদুল ইসলাম দাবি করেন, তার ব্যবসা প্রতিষ্ঠান দখলের উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। হামলায় ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং নগদ টাকা ও মালামাল লুট করা হয়েছে। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।