
জয়,রাজশাহী
ফ্রি চিকিৎসা দিতে গিয়ে চাঁদাবাজদের হাতে হাতুড়ির আঘাতে রক্তাক্ত হলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মোঃ শওকত শরীফ এবং তার চাচা। গুরুতর আহত অবস্থায় তার চাচার মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে গেছে বলে অভিযোগ।
ঘটনাটি ঘটেছে ১৮ জুলাই ২০২৬, শনিবার। ভুক্তভোগী ডা. শওকত শরীফ অর্থোপেডিক সার্জারি বিভাগে কর্মরত। তিনি রাজশাহীর বেলপুকুরিয়ায় নিজস্ব জমিতে মাসিক ফ্রি ক্যাম্পেইনের মাধ্যমে গরীব রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য একটি রুম তৈরি করেন।
অভিযোগ অনুযায়ী, হঠাৎ করেই স্থানীয় আনোয়ারের ছেলে আব্দুল্লাহ কয়েকজনকে নিয়ে ওই রুমে তালা লাগিয়ে দেয়। চাঁদা দাবি করাই ছিল তাদের উদ্দেশ্য। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় পরিকল্পিতভাবে ডা. শওকত ও তার চাচার উপর এলোপাথাড়ি হাতুড়ি দিয়ে হামলা চালানো হয়।
ডা. শওকত বলেন, “মানুষের সেবার জন্য ফ্রি ক্যাম্প করছিলাম। অথচ সেখানেও চাঁদাবাজরা হানা দিল। হামলার পর থানা-পুলিশের কাছে যাতে না যাই সেজন্য এখনো ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে তারা।”
তিনি আরও বলেন, “এই হামলার পেছনে আরও বড় চাঁদাবাজ চক্র জড়িত আছে বলে আমার বিশ্বাস। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই নাজুক যে একজন ডাক্তারও নিজের জমিতে বিনা পয়সায় মানুষের সেবা করতে পারছে না।”
বর্তমানে আহত দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ডা. শওকতের চাচার অবস্থা আশঙ্কাজনক।
এই নৃশংস হামলা ও চাঁদাবাজির ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে আব্দুল্লাহ ও তার সহযোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি ফ্রি চিকিৎসা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহর বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট থানার ওসি বলেন, “অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”