ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং
রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে পৃথক ঘটনায় এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক বাঁশ ব্যবসায়ী। রোববার (১১ অক্টোবর) রাতে নগরীর কেদুর মোড় ও পবা উপজেলার খড়খড়ি কমলাপুর এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

নগরীর কেদুর মোড় এলাকায় নিহত বৃদ্ধার নাম বেলী খাতুন (৭০)। তিনি নিজ বাড়িতে একাই থাকতেন। তাঁর স্বামী কয়েক বছর আগে মারা গেছেন এবং চার ছেলেমেয়ে দেশের বাইরে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির ভাড়াটিয়া দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও তাঁর সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

বোয়ালিয়া মডেল থানার ওসি মাছুমা মুস্তারী জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে, পবা উপজেলার খড়খড়ি কমলাপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত হয়েছেন জিয়ারুল ইসলাম (৪৫)। তিনি মৃত ওসমান আলীর ছেলে এবং বাঁশের তৈরি আসবাবপত্রের ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জিয়ারুল ও অভিযুক্ত মিনারুল সম্পর্কে চাচাতো ভাই। তাঁদের পূর্বপুরুষদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা চলছিল। রোববার মিনারুল বিরোধপূর্ণ জমি এক ক্রেতাকে দেখাতে গেলে জিয়ারুলের পক্ষের লোকজন বিষয়টি জানতে পারেন। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে জিয়ারুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা