সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে লেবেল বিহীন খাদ্যপণ্য উৎপাদন এবং নকল ও লেবেল বিহীন শিশু খাদ্য বিক্রির দায়ে ছয় প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে লেবেল বিহীন মাঠা, ঘোল, ঘি ও দই উৎপাদনের দায়ে সলপ কাশেম ঘোল মাঠা দই ও মিষ্টান্ন ভাণ্ডারকে ১ লাখ টাকা, সলপের ঘোল ও দই ঘরের মালিক আব্দুল খালেক খানকে ৫০ হাজার টাকা, সলপ ঘোল অ্যান্ড সাদেক খান দই ঘরের মালিককে ৫০ হাজার টাকা এবং সলপ মাঠা ঘোল দই ঘরের মালিক আব্দুর রাজ্জাককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নকল ও লেবেল বিহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স শফিকুল স্টোরের মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মেসার্স শরিফ স্টোরের মালিক শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে লেবেল বিহীন মাঠা, ঘোল, ঘি ও দই উৎপাদন এবং নকল ও লেবেল বিহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে ছয় প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এসব অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানগুলোর মালিকদেরকে সতর্ক করা হয়েছে। এছাড়া উল্লাপাড়া বাজারে গ্যাস সিলিন্ডার সরবরাহকারী ও খুচরা দোকানগুলোও তদারকি করা হয়েছে।
শুভ সেখ
সিরাজগঞ্জ
Rahman Moti