ঢাকা | বঙ্গাব্দ

টিটিসির স্থান নিয়ে উত্তেজনা, সিরাজগঞ্জে বিএনপি এমপির গাড়িতে ইটপাটকেল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
টিটিসির স্থান নিয়ে উত্তেজনা, সিরাজগঞ্জে বিএনপি এমপির গাড়িতে ইটপাটকেল ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গাড়ির পেছনের কাচ ও একটি ক্যামেরা ভেঙে যায় বলে জানা গেছে।
হামলার জন্য জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দায়ী করেছেন এমপি আয়নুল হক। তবে অভিযোগ অস্বীকার করেছে জামায়াত। দলটির নেতাদের দাবি, বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়গঞ্জে সরকারি উদ্যোগে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) নির্মাণের স্থান নিয়ে সম্প্রতি বিরোধ দেখা দেয়। সরকারি একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেখানে চান্দাইকোনা এলাকায় টিটিসি স্থাপনের কথা উল্লেখ রয়েছে বলে জানা যায়। এরপর ধানগড়া ও চান্দাইকোনা—দুই পক্ষই নিজেদের এলাকায় টিটিসি নির্মাণের দাবিতে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে আসছে।
শনিবার বিকেলে ধানগড়া এলাকায় টিটিসি নির্মাণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন এমপি আয়নুল হক। বৈঠকের একপর্যায়ে উপস্থিত দুই পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এমপি গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় পেছন থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তাঁর গাড়ির পেছনের কাচ ও একটি ক্যামেরা ভেঙে যায়।
ঘটনার পর দেওয়া এক ভিডিও বার্তায় এমপি আয়নুল হক বলেন, টিটিসির স্থান নির্ধারণ নিয়ে আলোচনার সময় জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হট্টগোল শুরু হলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় তাঁর গাড়িতে হামলা করা হয় বলে দাবি করেন তিনি।
এমপি আরও বলেন, বিষয়টি নিয়ে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত স্থানেই টিটিসি নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, এমপির গাড়িতে হামলার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি।
তবে হামলার সঙ্গে জামায়াতের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম। তাঁর দাবি, বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে নিজেরাই গাড়ি ভাঙচুর করে এর দায় জামায়াতের ওপর চাপানোর চেষ্টা করছে।
রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির গোলাম মর্তুজাও হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, টিটিসি নির্মাণের জন্য আগেই রায়গঞ্জ পৌরসভার কাছে দেড় একর জায়গা নির্ধারণ করা হয়েছিল। বরাদ্দ আসার পর এমপি আয়নুল হক সেটি চান্দাইকোনা এলাকায় নেওয়ার চেষ্টা করেন বলে দাবি করেন তিনি।
এদিকে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে ধানগড়া ও আশপাশের এলাকায় উত্তেজনা থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা