মোঃ সুরুজ আলী, রাজশাহী : রাজশাহীতে অস্বাভাবিকভাবে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত ও বন্যাকবলিত এলাকার পানিবন্দী অসহায় মানুষের মাঝে জরুরি ত্রাণ ও সার্বিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং ভূমি মন্ত্রী জনাব মিজানুর রহমান মিনুর প্রত্যক্ষ উদ্যোগে রাজশাহী মহানগরী ও সংলগ্ন এলাকার নদী তীরবর্তী ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এই ত্রাণ ও সহযোগিতা কর্মসূচি হাতে নেয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর ৭ নং ওয়ার্ডের শ্রীরামপুরসহ পদ্মা নদীর আশপাশের ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরাসরি এ সকল খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে ভূমি মন্ত্রীর সন্তান মোঃ সাইফ রহমান, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাঁধন, যুগ্ম আহ্বায়ক মোঃ নাজির হাসানসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে নেতৃবৃন্দ জানান, পদ্মা নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধির কারণে নদী তীরবর্তী মানুষ মানবিক কষ্টে দিন কাটাচ্ছেন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের নির্দেশে কোনো বন্যাকবলিত মানুষ যেন অভুক্ত না থাকেন, তা নিশ্চিত করতেই এই ধারাবাহিক খাদ্য ও সাহায্য সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগকালীন এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের সার্বিক পুনর্বাসন ও সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে দলীয় নেতৃবৃন্দ আশ্বাস প্রদান করেন।
Rahman Moti