রাজশাহী প্রতিবেদক: রাজশাহী মহানগরী ও জেলার সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ, আবাসন ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক সেবা সহজীকরণে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
রাজশাহী সার্কিট হাউসের সম্মেলনকক্ষে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং গণপূর্ত বিভাগ, রাজশাহীর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জাকারিয়া তাহের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম এবং পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মতবিনিময় সভায় রাজশাহীর অবকাঠামোগত উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ, আবাসন ব্যবস্থার উন্নয়ন এবং সরকারি উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে বিদ্যমান সমস্যা চিহ্নিত করা, নাগরিক সেবা সহজ করা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় রাজশাহী মহানগরীকে আধুনিক, পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়। জনসাধারণের নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং জনকল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপিকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।
Rahman Moti