ঢাকা | বঙ্গাব্দ

সাগর-রুনি হত্যার বিচার দাবি, সাংবাদিক হয়রানি বন্ধের হুঁশিয়ারি রাজশাহীতে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
সাগর-রুনি হত্যার বিচার দাবি, সাংবাদিক হয়রানি বন্ধের হুঁশিয়ারি রাজশাহীতে ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং হুমকি-নির্যাতন বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজশাহী মহানগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো প্রধান আব্দুস সবুরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক মো. খায়রুল আলম রফিকসহ অনেকে।

বক্তারা বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হুমকি ও হয়রানির ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় ধরনের হুমকি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

একই সঙ্গে বহুল আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীর মুক্তির দাবিও জানান বক্তারা।

মানববন্ধনে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সাগর-রুনি দম্পতি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করতে হবে। গত ২০ বছরে যেসব সাংবাদিক হত্যাকাণ্ড ও গুমের শিকার হয়েছেন, সেসব ঘটনার সঙ্গে জড়িতদেরও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, সারাদেশে সাংবাদিকদের হুমকি, নির্যাতন ও হয়রানির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হুমকির ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হুমকি ও নির্যাতনের ঘটনায় তারা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তার দাবিতে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

মানববন্ধনে ৫ আগস্টের পর রাজশাহী প্রেসক্লাব জবরদখলের অভিযোগের প্রসঙ্গও উঠে আসে। বক্তারা অভিযোগ করেন, সাংবাদিকতার আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

মানববন্ধনে রাজশাহী স্বার্থ রক্ষা কমিটির সভাপতি মাহফুজুল হাসনাইন হিকোল, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আরটিভির রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজ রকি, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সভাপতি রাজিব খান, এটিএন বাংলার সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু, রাজিব আলী রাতুল, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নিরোসহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এ সময় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী মডেল প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটি, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশন, অনলাইন সাংবাদিক ফোরাম, মোহনপুর প্রেসক্লাব, বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি রাজশাহী, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাব, দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা, সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধ, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়।


নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা