
নিজস্ব প্রতিবেদক :
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুসম্পর্ক, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতেই দুই দেশ এগিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং উভয় দেশের জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোববার বিকেলে রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। পারস্পরিক সহযোগিতা, সম্মান ও আস্থার মাধ্যমে দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে এবং এই সম্পর্ক আগামী দিনেও আরও সুদৃঢ় হবে।
তিনি আরও বলেন, একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান আমাদের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এই মূল্যবোধ ধারণ করে দেশ ও অঞ্চলের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশে যোগচর্চার ইতিহাস বহু পুরোনো। প্রাচীন পাহাড়পুর বৌদ্ধবিহার অঞ্চলসহ উপমহাদেশের বিভিন্ন স্থানে যোগচর্চার প্রচলনের তথ্য পাওয়া যায়। পরবর্তীতে বাংলাদেশ, ভারত, চীনসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে এর বিস্তার ঘটে।
তিনি বলেন, যোগব্যায়াম শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক প্রশান্তি ও আত্মনিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ জীবনযাপন এবং আত্মরক্ষার ক্ষেত্রেও এটি কার্যকর একটি অনুশীলন।
অনুষ্ঠান আয়োজনের জন্য ভারতীয় সহকারী হাইকমিশনকে সরকার ও রাজশাহীবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান ভূমিমন্ত্রী। একই সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু-কিশোর, তরুণ-তরুণী এবং অন্যান্য অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মনোজ কুমার ও এরশাদ আলী ঈশা।
এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, যোগব্যায়াম প্রশিক্ষক এবং বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।