
নিজস্ব প্রতিবেদক, পাবনা:
পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) দুপুরে ঈশ্বরদী শহরের রেলগেট, পোস্ট অফিস মোড়সহ আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ বাধে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে একে অপরের বিরুদ্ধে মারধর, অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে পৃথকভাবে সংবাদ সম্মেলন করে দুই পক্ষ। এরপর উভয় পক্ষ শহরে বিক্ষোভ মিছিল বের করলে একপর্যায়ে মুখোমুখি অবস্থানে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রের পাশাপাশি গোলাগুলির ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।
সংঘর্ষ চলাকালে কয়েকটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আহত হন।
পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। পরে যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবণ কুমার বলেন, খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
