
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ মাদক কারবারিদের একজন এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জুয়েল রানা (৩৪) দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। মাদক মামলায় আদালতের সাজাপ্রাপ্ত এই আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করছেন- এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশ সফর ও ওমরাহ পালনের ছবিও প্রকাশ করেছেন তিনি।
জানা গেছে, জুয়েল রানার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে। তিনি চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং জেলার তালিকাভুক্ত শীর্ষ পাঁচ মাদক কারবারির একজন। সীমান্তপথে ভারত থেকে হেরোইনের চালান এনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা এবং ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া মাদক পাচারসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।
এর মধ্যে গত বছরের ১২ অক্টোবর হেরোইন ও ইয়াবা পাচারের একটি মামলায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত জুয়েল রানা ও তার সহযোগী ববিতা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় জুয়েল পলাতক ছিলেন। আদালত তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও এখনো তাকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
এরই মধ্যে গত ৪ ফেব্রুয়ারি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে জুয়েল দাবি করেন, “চাঁপাইনবাবগঞ্জ পুলিশকে আমাকে খুঁজতে কষ্ট করতে হবে না। আগামীকাল আমার মিশন শেষ করে পুলিশের কাছে আত্মসমর্পণ করব ইনশাল্লাহ।”
