
নিজস্ব প্রতিবেদক:
ভোলায় আটককৃত জামায়াতে ইসলামীর মহিলা কর্মী বিবি সাওদা (৩৭), ওরফে সাওদা সুমির জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) ভোলা সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক সৌরভ রায় মিঠু এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াস সুমন জানান, রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের একটি বাসা থেকে সন্দেহজনক হিসেবে সাওদা সুমিকে আটক করে পুলিশ। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তিনি আরও জানান, মঙ্গলবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা (জিআরও) ও আসামিপক্ষের আইনজীবীর প্রায় এক ঘণ্টার দীর্ঘ শুনানির পর আদালত তার জামিন মঞ্জুর করেন।
এদিকে, মধ্যরাতে একজন নারী কর্মীকে আটকের ঘটনায় স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দলটির পক্ষ থেকে এ ঘটনাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ ও ‘মানবাধিকারের লঙ্ঘন’ হিসেবে দাবি করে সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় তারা আটক নেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
