
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. ফয়জুল কবির। বৃহস্পতিবার দুপুরে আরএমপি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে বিদায়ী কমিশনার ড. মো. জিল্লুর রহমানের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন তিনি।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বিদায়ী কমিশনার ড. মো. জিল্লুর রহমান নবনিযুক্ত কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সফলতা কামনা করেন।
জানা গেছে, ড. মো. জিল্লুর রহমান ডিআইজি, সিলেট রেঞ্জ হিসেবে বদলিজনিত কারণে ৭ মে ২০২৬ তারিখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থেকে বিদায় গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি মহানগরবাসী এবং আরএমপির সকল পুলিশ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত পুলিশ কমিশনার মো. ফয়জুল কবির বলেন, “রাজশাহী মহানগরকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতিতে কাজ করা হবে। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, সাইবার ক্রাইম দমন এবং কিশোর গ্যাং প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে সকলকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, নবনিযুক্ত কমিশনার মো. ফয়জুল কবির এর আগে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন।
