
নিজস্ব প্রতিনিধি, ধামইরহাট:
সারা দেশের মতো নওগাঁর ধামইরহাট উপজেলাতেও দিন দিন বাড়ছে জ্বালানি তেলের চাহিদা। তেল সংগ্রহে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, ফলে ফিলিং স্টেশনগুলোতে তৈরি হচ্ছে দীর্ঘ সারি।
জানা গেছে, তেল নেওয়ার জন্য অনেক চালক আগের দিন মধ্যরাত থেকেই সড়কের পাশে লাইনে দাঁড়াচ্ছেন। ৫ থেকে ৬ ঘণ্টা অপেক্ষার পর তারা পেট্রোল সংগ্রহ করতে পারছেন। তবে তেল পাওয়ার পর স্বস্তি নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন তারা।
যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেট নিশ্চিত করা চালকদেরকেই কেবল তেল দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে জ্বালানি তেল পাচার রোধে ধামইরহাটসহ নওগাঁর সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআই, বিজিবি ও অন্যান্য দায়িত্বশীল বাহিনী যৌথভাবে সীমান্ত এলাকায় তৎপরতা বাড়িয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে, যাতে কেউ অবৈধভাবে জ্বালানি তেল মজুদ বা পাচার করতে না পারে।
ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী জানান, উপজেলায় অবস্থিত দুটি ফিলিং স্টেশনে পেট্রোল, ডিজেল ও অকটেন সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। পাম্প মালিকদের অনিয়ম রোধে প্রশাসন, থানা পুলিশ ও ট্যাগ অফিসাররা সার্বক্ষণিক তদারকি করছেন।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার বা অবৈধ মজুদের কোনো সুযোগ নেই এবং এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।