
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে জলাবদ্ধতা নিরসন ও মশার উপদ্রব কমাতে রাজশাহী মহানগরীতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় মঙ্গলবার (২৮ এপ্রিল) মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডে ড্রেন পরিষ্কার অভিযান পরিচালিত হয়।
এসময় ড্রেনের জমে থাকা কাদা ও ময়লা অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা হয়। সংশ্লিষ্টরা জানান, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমানো এবং মশার প্রজননস্থল ধ্বংস করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ধারাবাহিকভাবে চালানো হবে।

এদিকে, মশার উপদ্রব থেকে রক্ষা পেতে নগরবাসীর সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ডাবের খোসা, ভাঙা পাত্র, ফুলের টবসহ যেসব স্থানে মশা ডিম পাড়তে পারে, সেগুলো দ্রুত অপসারণ বা ধ্বংস করার পরামর্শ দেওয়া হয়।
রাজশাহীকে “গ্রিন সিটি, ক্লিন সিটি” হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
