
অনলাইন ডেস্ক:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে পড়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), বেলতল এলাকার আবিদ (১৪), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আবদুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২)। নিখোঁজ দুই শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ব্রহ্মপুত্র নদে নির্মিত ভাসমান সেতুর ওপর অতিরিক্ত ভিড় জমে। একপর্যায়ে চাপ সহ্য করতে না পেরে সেতুটি ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন নদীতে পড়ে যায়। অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন শিশু নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়দের সহায়তায় চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আহত হয়ে শান্তি নামের এক শিশু দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান জানান, চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
