
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১ মে ২০২৬) দিবাগত রাতে উপজেলার কাঁকনহাট বাজার এলাকার খাদ্য গুদামের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. শরিফুল ইসলাম শরিফ (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালুরটুঙ্গী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল রাত ১২টা ৪০ মিনিটের দিকে সাফিনা পার্কসহ আশপাশ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। পরবর্তীতে তথ্যের ভিত্তিতে কাঁকনহাট বাজার এলাকায় অভিযান জোরদার করা হয়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শরিফুল পালানোর চেষ্টা করলে রাত ১টা ২০ মিনিটের দিকে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে রাখা এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
