
নিজস্ব প্রতিবেদক, পাবনা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৪ আসনে (ঈশ্বরদী-আটঘরিয়া) বিএনপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে। দলীয় প্রার্থীর ওপর অনাস্থা জানিয়ে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুকে সমর্থনের ঘোষণা দিয়ে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা সদরের রেলগেট এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন এসব নেতৃবৃন্দ। পদত্যাগকারী নেতাদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল পারভেজ। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময় রাজপথে সক্রিয়ভাবে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন জাকারিয়া পিন্টু। অথচ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঈশ্বরদী ও আটঘরিয়ার তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা উপেক্ষা করে হাবিবুর রহমান হাবিবকে দলীয় মনোনয়ন দিয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, হাবিবুর রহমান হাবিব অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বিএনপি কিংবা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই। বর্তমানে তার আচরণ ও নিপীড়নের কারণে দলীয় রাজনীতি করা অসম্ভব হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা দলীয় সব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন—ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদলের ৮ জন, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৫ জন, ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের ১৮ জন, ঈশ্বরদী ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ৩০ জন এবং ঈশ্বরদী ছাত্রদলের ৩ জন নেতা।
