
সানোয়ার আরিফ রাজশাহী:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, রাজশাহীর মানুষ স্বভাবতই শান্তিপ্রিয় এবং তারা আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। তিনি আরও জানান, যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর সদস্যরা প্রশিক্ষিত ও দক্ষ।
শুক্রবার বিকেলে আরএমপি সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
৫ আগস্টের ঘটনার তদন্ত চলমান
আইজিপি বলেন, গত ৫ আগস্টের আগে ও পরে সংঘটিত পুলিশ হত্যাসহ সব প্রাণহানির ঘটনায় আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে।
তিনি বলেন,
“ওই সময় পুলিশসহ অনেকেই নিহত হয়েছেন। প্রতিটি ঘটনার তদন্ত হবে এবং আইনে যা করার, তা-ই করা হবে।”
আইনশৃঙ্খলা ও নির্বাচন প্রসঙ্গ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার কথা তুলে ধরে তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনী দেশের ইতিহাসে অন্যতম সেরা একটি নির্বাচন উপহার দিয়েছে।
শান্তিপূর্ণ সমাজ গঠনে নাগরিকদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের অযথা সড়ক অবরোধ করা উচিত নয়, কারণ এতে দেশের সামগ্রিক ক্ষতি হয়।
বেকারত্ব ও অপরাধ প্রবণতা
দেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট তুলে ধরে আইজিপি বলেন, শিক্ষিত বেকারের সংখ্যা বেশি এবং অর্থ পাচারের কারণে ব্যাংকিং খাত চাপে রয়েছে।
এই পরিস্থিতিতে কিছু তরুণ মাদক ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে বলেও তিনি উল্লেখ করেন।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’
মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।
জ্বালানি সংকট ও নৈতিকতা
জ্বালানি তেলের সংকট ও কালোবাজারি প্রসঙ্গে তিনি বলেন, অল্প পরিমাণে তেল মজুত করে বড় ধরনের লাভ সম্ভব নয়।
এক্ষেত্রে নৈতিকতার উন্নয়ন জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
স্মার্ট ও সেফ সিটি পরিকল্পনা
ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরকে ‘স্মার্ট ও সেফ সিটি’তে রূপান্তরের প্রস্তাব সরকারের কাছে দেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান আইজিপি।
তদন্তাধীন বিষয়ে মন্তব্য নয়
আওয়ামী লীগ নেতাদের জামিন পাওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজির একটি চিঠি নিয়ে প্রশ্ন করা হলে আইজিপি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন থাকায় এ নিয়ে কিছু বলা সম্ভব নয়।
মতবিনিময় সভা
এর আগে আইজিপি আরএমপি সদর দপ্তরে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
এ সময় পুলিশ সদর দপ্তর, রাজশাহী রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#এস.আর.